তিন মা‌সে বাকি এক হাজার কো‌টি টাকা দিতে হবে গ্রামীণফোনকে

২৪ ফেব্রুয়ারি, ২০২০ ১১:০৭  
রোববার বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) এক হাজার কোটি টাকার পে-অর্ডার দিয়েছে গ্রামীণফোন। বকেয়ো পাওনার বাকি এক হাজার কোটি টাকা দিতে অপারেটরটিকে তিন মাস সময় দিয়েছে আদালত। সোমবার (২৪ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন ছয় সদস্যের আপিল বিভাগ এই আদেশ দেন। আদেশে নিরীক্ষা পাওনা দাবি নিয়ে করা মামলাটি (নিম্ন আদালতে থাকা) নিষ্পত্তি না হওয়া পর্যন্ত হাইকোর্টের দেওয়া নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে। একই সঙ্গে গ্রামীণফোন যাতে নির্বিঘ্নে ব্যবসা করতে পারে, সে বিষয়টি নিশ্চিতের কথা বলেছেন সর্বোচ্চ আদালত। আদালতে গ্রামীণফোনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী এ এম আমিন উদ্দিন ও মো. মেহেদী হাসান চৌধুরী। বিটিআরসির পক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। সঙ্গে ছিলেন খন্দকার রেজা-ই রাকিব।